পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ভোটকেন্দ্রে পুলিশ হস্তক্ষেপ করছে—এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে এজেইউপির প্রার্থী হয়েছেন হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) আনন্দজিৎ হোর বলেন, হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রেজিনগরে দলের কার্যালয়ে যান হুমায়ুন কবির। সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে তিনি ভোটকেন্দ্রের দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে জানায়, তিনি প্রার্থী বা নির্বাচনী এজেন্ট নন। তাই ভোটকেন্দ্রের কাছাকাছি যাওয়ার অনুমতি নেই।

এ সময় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন হুমায়ুন কবির। সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ তাদের কর্মী, বুথ এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে। তিনি দাবি করেন, পুলিশ ভোট লুট করছে এবং এ ধরনের ঘটনা তিনি হতে দেবেন না।

এরপর পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে হুমায়ুন কবির ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে একাধিক মামলা করেছে পুলিশ। এসব মামলার পর কবির জানিয়েছিলেন, তিনি বাড়িতে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন।

 সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস