সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ তেল-গ্যাস স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, দাম্মাম বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৩৯, নিখোঁজ ৮৪
তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে বলেও জানানো হয়।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত ও ধ্বংস করেছে।
আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে রিয়াদ?
এর আগে রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর দেয় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হলেও আহতের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
অন্যদিকে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তার দাবি, হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
ইয়াহিয়া সারি আরও দাবি করেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি তেল কোম্পানি আরামকোর শেদগুম গ্যাস প্ল্যান্ট ও পূর্বাঞ্চলের তানাজিব তেল স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।
হুথি মুখপাত্রের ভাষ্য, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সৌদি আরবে আরও হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে হুথিদের দাবি করা সব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।





