রাজউক প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ (সোমবার, ১১ আগস্ট) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে ইতোমধ্যে তিন মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে এবং আজ তাদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে।

আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

তিন মামলার বাদীরা হলেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান। এর আগে, গত ৩১ জুলাই এই মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

উল্লেখ্য, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক এবং সম্প্রতি এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।