৫ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানব পাচার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডে আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময় আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, যাকে এক সময় টর্চার (নির্যাতন) করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মানব পাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এর আগে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন: দুই বছরের সাজা, আপিল করেও জামিন পেলেন না বিদিশা

ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।