আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আরও পড়ুন: চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

এদিন সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান আদালতে আবেদন করে বলেন, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন তার দায়িত্বে থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মালিক হন। অভিযোগ রয়েছে, এসব অর্থ অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সম্পদ গড়েছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে এবং তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ রাখা জরুরি।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধে অকার্যকর তালাক গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

আদালত এই প্রেক্ষিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন)কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে দুদকের আবেদনের ভিত্তিতে একই আদালত তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।