শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে মঙ্গলবার মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারও ছিলেন। তাদের সাক্ষ্যসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন এবং পরবর্তী কার্যক্রম শুরু করেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রামিসা রাজধানীর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে জবানবন্দি প্রদান করেন।

বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে এখন তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবারসহ সংশ্লিষ্ট সবাই।