শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, পলাতক আসামিদের তাদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে দুটি জাতীয় দৈনিকে বাংলা ও ইংরেজি ভাষায় আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দুই বছরের সাজা, আপিল করেও জামিন পেলেন না বিদিশা

এর আগে সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

আরও পড়ুন: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

মামলায় পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরীসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

এ তালিকায় সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমানসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং গ্রেপ্তারদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

মামলায় মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করা হয়েছে।