জেনে খাওয়ার সময় বা খাওয়ার পর ঘাম হওয়া কিসের লক্ষণ?
অনেক মানুষেরই খাওয়ার সময় বা খাবার শেষ হওয়ার পরপর ঘাম হতে শুরু করে। বিষয়টি দেখে অনেকেই মনে করেন এটি হয়তো ডায়াবেটিসের লক্ষণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার পর ঘাম হওয়া সবসময় ডায়াবেটিসের কারণে হয় না; অনেক ক্ষেত্রে এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে।
গাস্টেটরি সোয়েটিং কী?
আরও পড়ুন: অন্ধকারে ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
খাওয়ার সময় বা খাবারের পর ঘাম হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় গাস্টেটরি সোয়েটিং বলা হয়। বিশেষজ্ঞদের মতে, গরম, ঝাল বা অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার পর সুস্থ মানুষেরও ঘাম হতে পারে। তাই শুধু এই উপসর্গ দেখেই কারও ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া ঠিক নয়।
যদি গরম তরকারি, ঝাল খাবার বা বেশি পরিমাণে খাবার খাওয়ার পর সামান্য ঘাম হয়, তাহলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
আরও পড়ুন: জেনে নিন নারীদের জন্য কেন জরুরি বিটরুট
ডায়াবেটিসের সঙ্গে কী সম্পর্ক?
জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল এন্ডোক্রিনোলজি-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ১১ শতাংশ ব্যক্তি খাবার গ্রহণের সময় অতিরিক্ত ঘামে ভোগেন।
গবেষণাটি বলছে, বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই উপসর্গটি নিউরোপ্যাথি ও কিডনি রোগের মতো জটিলতার ইঙ্গিত হতে পারে। ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এর প্রকোপ তুলনামূলক বেশি দেখা যায়।
কখন ডায়াবেটিসজনিত সমস্যা হতে পারে?
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অটোনমিক নিউরোপ্যাথি বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ক্ষতির কারণে খাওয়ার সময় বা পরে মুখ, মাথার ত্বক, ঘাড় এবং শরীরের উপরের অংশে অতিরিক্ত ঘাম হতে পারে।
এ ছাড়া রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া) ঘাম হওয়ার প্রবণতা দেখা দেয়। বিশেষ করে যারা ইনসুলিন বা কিছু নির্দিষ্ট ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি।
খাওয়ার পর ঘামের অন্য কারণগুলো
ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন কারণে খাবারের পর ঘাম হতে পারে। এর মধ্যে রয়েছে—
- শরীরে অতিরিক্ত চর্বিযুক্ত টিস্যু
- উদ্বেগ বা মানসিক চাপ
- থাইরয়েডজনিত সমস্যা
- হরমোনের পরিবর্তন
- বিভিন্ন অসুস্থতা
- নির্দিষ্ট খাবারের প্রতি সংবেদনশীলতা
- কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, ঝাল খাবার বা গরম পানীয় গ্রহণের পর কিছুটা ঘাম হওয়া স্বাভাবিক। তবে প্রায় প্রতিটি খাবারের পর যদি অতিরিক্ত ঘাম হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বিশেষ করে ঘামের সঙ্গে যদি রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার উপসর্গ দেখা দেয়, অথবা শর্করার মাত্রা স্বাভাবিক হওয়ার পরও ঘাম অব্যাহত থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ এটি হাইপারথাইরয়েডিজমসহ অন্য কোনো স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে পারে।





