কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এছাড়া এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিইয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক। ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে, সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতই হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে তিতুমীর কলেজে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রমও।

এরই মধ্যে সরকার দাবি না মানলে বুধবার (২০ নভেম্বর) থেকে আবারও সড়ক ও রেলপথ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির নাম তারা দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।