ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৯২
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বুলেটিনে বলা হয়, গত একদিনে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১২৫ জন, চট্টগ্রামে ১৩৬ জন, ঢাকা বিভাগের জেলার হাসপাতালে ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগের জেলা পর্যায়ে ৬০ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী চিকিৎসা নিয়েছেন।
এদিকে একই সময়ে সারা দেশে ৭৮৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ২৪৩ জনে।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ৮৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ৩৩১ জনের।
পূর্ববর্তী বছরের চিত্রও উদ্বেগজনক। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ রোগী এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।





