হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের রিমান্ড

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রীসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তাঁর শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি মারিয়া আক্তার লিমা।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল রোববার (১৪ ডিসেম্বর) শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মামলাটির বাদী।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।