বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

সকাল পৌনে ৮টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্ব। এ সময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুর বেজে ওঠে, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই পুলিশ বাহিনীর সদস্যরা জাতির স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মহান বিজয় দিবসে তাদের আত্মত্যাগ স্মরণে এই শ্রদ্ধা নিবেদন জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের প্রতিফলন।