ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সিআইডি প্রধানের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে ব্রিফিং দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।

সিআইডি সদর দপ্তরে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা শৈথিল্যের সুযোগ নেই।

আরও পড়ুন: রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

সিআইডি প্রধান জানান, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় (Do’s and Don’ts) বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করবেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতে নির্বাচনকালীন সময়ে কোনো পুলিশ সদস্য নিজের খাবার বা ব্যক্তিগত প্রয়োজনীয়তার জন্য কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ করতে পারবেন না বলেও নির্দেশনা দেন তিনি।

পোশাক ও আচরণ প্রসঙ্গে সিআইডি প্রধান বলেন, দায়িত্ব পালনের সময় স্মার্ট আউটলুক বজায় রাখতে হবে এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

তিনি আরও স্পষ্ট করে জানান, দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, মন্তব্য, পোস্ট বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। পাশাপাশি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা কিংবা তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।

ব্রিফিংয়ের শেষে সিআইডি প্রধান আশা প্রকাশ করে বলেন, পুলিশের সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, যা সকলের জন্য গৌরবের বিষয় হয়ে থাকবে।

সিআইডি সদর দপ্তরে আয়োজিত এ ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।