আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সোমবার একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে প্রেস সচিব গত দেড় বছরে প্রেস উইংয়ের কার্যক্রম তুলে ধরেন।
আরও পড়ুন: অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা
তিনি বলেন, গত ১৮ মাসে প্রেস উইং সব সময় সংবাদ দ্রুততম সময়ে গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনায় সরকারের অবস্থান কী—তা স্পষ্টভাবে জানানো হয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত সব তথ্য প্রকাশ করা হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ সংবাদ গোপন রাখা হয়নি।
প্রেস সচিব আরও বলেন, প্রেস ব্রিফিং ও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন সময় সব প্রশ্ন গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে এবং সাংবাদিকদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে তারা ভিন্ন ভূমিকায় হলেও সাংবাদিকদের সঙ্গেই থাকবেন।
প্রেস উইংয়ের আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সব সময় সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং পেশাদারিত্ব বজায় রেখেছেন। বিভিন্ন কারণে তারা ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তারা দুঃখ প্রকাশ করছেন।





