১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির অগ্রগতি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি দ্রুত শুরু করা হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সরবরাহে বড় ধাক্কা, বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং

মন্ত্রী বলেন, অতীতে খাল খনন কর্মসূচি ব্যাপক গুরুত্ব পেয়েছিল এবং এর ইতিবাচক প্রভাব ছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা, সেচসংকট ও জলাশয় ভরাটের কারণে যে সমস্যা তৈরি হয়েছে, তা নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বয় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং কবে থেকে কার্যক্রম শুরু হবে তা নির্ধারণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে মাঠপর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে ৬ কোটি ৭৮ লাখ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই: জাতিসংঘ

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হবে।