অপরাধীর প্রতি পুলিশ জিরো টলারেন্স
গভীর রাতে রাজধানীর পাড়া মহল্লায় আইজিপির পরিদর্শন অভিযান
অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গভীর রাতে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়কে পরিদর্শন অভিযান চালিয়েছেন পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাত বারোটার পর তিনি ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে পুলিশ টহল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
বাংলাবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে আইজিপি মোহাম্মদপুর এলাকায় উপস্থিত থেকে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রাজধানী ঢাকা মহানগরীতে পুলিশের অনেক দক্ষ ও সৎ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে বিপণিবিতান এলাকায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
আইজিপি আরও বলেন, পুলিশের প্রতি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোরভাবে দমন করতে হবে এবং সাধারণ মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, দেশের শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানি পণ্য রাতের বেলায় কভার্ড ভ্যানে পরিবহন করা হয়। এসব পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের টহল আরও জোরদার করা হয়েছে।





