১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু সংক্রান্ত গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, বগুড়ায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলার নির্বাচিত ১৪টি ইউনিয়নের নির্দিষ্ট ওয়ার্ডে এই সুবিধা দেওয়া হবে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, এটি বিএনপির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ। তিনি জানান, ১০ মার্চ পরীক্ষামূলকভাবে কর্মসূচি শুরু হলেও পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি সার্বজনীন কর্মসূচিতে রূপ দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সরকার সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।