বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর প্রতি রাজার শোকবার্তা
বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। শোকবার্তাটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে কথা বলে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি রাজার উদ্ধৃতি দিয়ে বলেন, বাহরাইন সরকার সেখানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের জানমাল রক্ষায় বদ্ধপরিকর।
বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংকটকালে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা ও প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে একই দিনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরেক দফা টেলিফোন আলাপ হয়, যেখানে বাহরাইনের সামগ্রিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস আসায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তার পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে বাহরাইন সরকার সহযোগিতা করবে বলে জানা গেছে। বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া সমন্বয় করছে।





