যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন। নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের প্রত্যাবাসনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (২০ মার্চ) সকালে মানামা থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। দূতাবাস সূত্রে জানা গেছে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গালফ এয়ার পরিচালিত বিশেষ চার্টার্ড ফ্লাইটটি সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ফ্লাইটটি দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন প্রবাসীদের বিদায় জানাতে মানামার গোল্ডেন টিউলিপ হোটেল-এ উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং নিরাপদ যাত্রা কামনা করেন। একই সঙ্গে দ্রুত এই ফ্লাইটের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দূতাবাস সূত্রে আরও জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর পর নিরাপত্তা শঙ্কায় অনেক প্রবাসী দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনা পুরো অঞ্চলে অনিশ্চয়তা তৈরি করেছে। জরুরি প্রয়োজন ও নিরাপত্তা বিবেচনায় আগ্রহীদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।