প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক প্রকাশ, ‘ব্যবস্থা’ গ্রহণের নির্দেশ
কুমিল্লা, ফেনী, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
আরও পড়ুন: চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করার জন্য দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করেছে, এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি হবে না: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ অন্যান্য দুর্ঘটনাজনিত ঘটনাতেও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।





