‘জ্বালানি সংকটে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে (ব্লেন্ডেড) শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কাও বিবেচনায় রাখা হচ্ছে।

আরও পড়ুন: সরকার ভুল করলে ধরিয়ে দিন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। তবে কলেজ পর্যায়েও এটি প্রয়োগ করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন কাঠামো বজায় থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এছাড়া মহানগর এলাকায় ট্রাফিক জট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো রেল এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।