আইন ও বিচার বিভাগে রদবদল: নতুন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দুটি পদে রদবদল করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুইজন সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি ও বদলি হওয়া কর্মকর্তারা হলেন, জনাব মোঃ মঞ্জুরুল হোসেন। তিনি এতদিন আইন ও বিচার বিভাগে সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তাকে নতুন দায়িত্ব দিয়ে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অপর দিকে জনাব সানা মো. মাহরুফ হোসাইন এর আগে একই বিভাগের উপসলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে পদোন্নতি দিয়ে আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোঃ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে দ্রুততম সময়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা উল্লেখিত পদসমূহে নিয়োজিত থাকবেন। একই দিনে এই আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট ১৫টি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে





