‘আমার দেশ’-এর প্রতিবেদন বানোয়াট দাবি: ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১০ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত “বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা” শীর্ষক সংবাদকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে অত্যাধুনিক ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের সময় থেকেই প্রশিক্ষণ এবং প্রি-শিপমেন্ট ইন্সপেকশন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর লক্ষ্য হলো যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ ও পরিচালনার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা।

আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ ও প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের ব্যয় ডিপিপির মধ্যেই অন্তর্ভুক্ত, ফলে সরকারের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। নির্ধারিত শর্ত অনুযায়ী, এসব কার্যক্রম সম্পন্ন না হলে অর্থ কর্তনযোগ্য এবং ফেরত পাওয়ার সুযোগ নেই।

মন্ত্রণালয় জানায়, প্রকল্পটির ৮০ শতাংশ ভৌত কাজ এবং ৯৫ শতাংশ আর্থিক অগ্রগতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংবাদে প্রকল্পটি ‘পতিত আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত’ হিসেবে উল্লেখ করা হলেও, মন্ত্রণালয় এটিকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছে। পূর্ববর্তী সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো অন্তর্বর্তী সরকারের সময় বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনমনে বিভ্রান্তি এড়াতে ‘আমার দেশ’ পত্রিকাকে যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে।