রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন এই সময়সূচি রবিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বর্তমানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হলেও নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে প্রতিদিন এক ঘণ্টা কম সময় অফিস চলবে।

আরও পড়ুন: নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এর পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বিলের সঙ্গে আয়কর রিটার্ন ও মূসক না দিলে অতিরিক্ত কর কাটবে তিতাস

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিদ্যুৎ বিভাগ সমন্বিত একটি কর্মকৌশল গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কম গ্রহণ করবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান আপাতত স্থগিত রাখা হয়েছে।

এছাড়া সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমাতে এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।