ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি, লিগ্যাল নোটিশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরে এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেক শিশু ও সাধারণ মানুষ বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জীবনবৃত্তান্ত
এতে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে। এ বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। একই সঙ্গে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ১০%, ১৭ বছর পর উদ্যোগ
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের দাবি তোলা হয়েছে।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। তাদেরকে ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।





