জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা, ‘বাংলাদেশ তেলের ওপর ভাসছে’: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
তিনি অভিযোগ করেন, দেশে জ্বালানি তেলের সংকট থাকা সত্ত্বেও সরকার প্রকৃত অবস্থা আড়াল করছে। “পাম্পগুলোতে দীর্ঘ লাইন, অথচ সরকার বলছে রিজার্ভ পর্যাপ্ত”—এমন বৈপরীত্যের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেও তা অনুমোদন দেওয়া হয় না বলেও দাবি করেন।
বর্তমান সংসদের গঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংসদে থাকা অধিকাংশ সদস্যই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন। “এরা যদি জনগণের কষ্ট না বোঝেন, তবে আর কে বুঝবে?”—প্রশ্ন রাখেন তিনি।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে জনগণ অবস্থান স্পষ্ট করেছে। তবে সেই লক্ষ্য বাস্তবায়নে এখনও বাধা রয়েছে বলে দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত নির্বাচনে জনগণের রায় ‘হাইজ্যাক’ করা হয়েছে। তার মতে, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়েই দেশে আবার ফ্যাসিবাদের সূচনা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলনে নামবে এবং ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেদের দলে গণতন্ত্র চর্চা করতে পারে না, তারা দেশের মানুষের জন্যও তা নিশ্চিত করতে পারবে না।
তিনি জানান, সংসদে থাকা তাদের ৭৭ জন সদস্য জনগণের অধিকার রক্ষায় কাজ করবে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না।
অনুষ্ঠানে জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।





