শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের পক্ষে শিক্ষামন্ত্রী
শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি স্বতন্ত্র পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি মনে করেন, মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।
সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: পুরো অর্থনীতি মডেলে নতুন পদ্ধতি শুরু করেছি: অর্থমন্ত্রী
সভায় এক শিক্ষক প্রশ্ন তোলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনা বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা কী। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সুবিধা নির্ধারণে অন্যান্য পেশার সঙ্গে তুলনা করা ঠিক নয়।
তিনি বলেন, “অন্য পেশার সঙ্গে তুলনা করলে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে, যেমন মামলা বা আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”
আরও পড়ুন: সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল চালু করা প্রয়োজন, যা অন্য সব পে-স্কেল থেকে আলাদা হবে। “এটি বেশি বা কম—সে বিষয়টি বড় নয়, বরং গুরুত্বপূর্ণ হলো এটি একটি পৃথক ও স্বতন্ত্র কাঠামো হওয়া,” যোগ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে।





