এসএসসি খাতা মূল্যায়নে কঠোর নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেছেন, খাতায় যা-ই লেখা থাকুক না কেন, শুধুমাত্র সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে—কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, দায়িত্ব পালনে যেন তারা কোনো ভয় বা চাপ অনুভব না করেন। একই সঙ্গে পরীক্ষাকে ঘিরে অযথা আতঙ্ক না ছড়ানোরও নির্দেশ দেন তিনি।
প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় নজরদারি সচল রাখতে আইপিএসের ব্যবস্থা রাখতে হবে।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও সবাই একযোগে কাজ করলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভার্চুয়াল এই সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





