বগুড়া হচ্ছে নতুন সিটি করপোরেশন, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৩ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম বগুড়া সফর। ওই দিন তিনি নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন: এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অবর্ণনীয় দুর্ভোগে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম ও বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এছাড়া তিনি গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির ভেন্যু পরিদর্শন করেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটাও পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ। সিটি করপোরেশনে উন্নীত হলে নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।