চার জাহাজে আসছে ১.৪১ লাখ টন ডিজেল, সরবরাহে স্বস্তির আশা
দেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চারটি ট্যাংকারে করে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে তিনটি জাহাজ আজ শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, আরেকটি পৌঁছাবে আগামী রোববার।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু নামের তিনটি ট্যাংকার আজ বন্দরে ভিড়বে। এছাড়া এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি জাহাজ রোববার পৌঁছাবে।
আরও পড়ুন: রামিসা হত্যা মামলার রায় আজ
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন দিনের মধ্যেই সব জাহাজ বন্দরে পৌঁছাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার টন। নতুন করে আমদানি করা ডিজেল খালাস হলে মোট মজুত দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে, যা দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
আরও পড়ুন: এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
চলতি মাসে ডিজেল সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, নতুন আমদানির ফলে তা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর বড় অংশ সরাসরি আমদানির মাধ্যমে পূরণ করা হয়, আর বছরে ৭ থেকে সাড়ে ৭ লাখ টন পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে।
পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎসহ নানা খাতে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। দেশের প্রায় ২৪ শতাংশ ডিজেল কৃষিখাতে ব্যবহৃত হয়। এছাড়া বাস, ট্রাকসহ সড়ক পরিবহন, নৌযান এবং শিল্পকারখানার জেনারেটর চালাতেও এ জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





