শিক্ষামন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার এর বৈঠক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে চার্লস জে. হার্ডার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো চ্যালেঞ্জ বিদ্যমান। এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ‘স্কুল মিল’, শিশুস্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে আংশিক ভার্চুয়াল বিচারকার্য শুরু
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা খাতের উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, সারাদেশে ‘মিড-ডে মিল’ চালু, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধি—এসব উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার আধুনিকায়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাকে আনন্দমুখর করতে ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ভিসা’ প্রক্রিয়া সহজতর করা জরুরি। পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: তৃণমূল বিএনপির বেপরোয়া কর্মকান্ডে ম্লান হচ্ছে সরকারের সাফল্য
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে এ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো: মাসুদ রানা এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।





