সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৭ পূর্বাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে তিনি বগুড়ায় পৌঁছাবেন। সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জনপদে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর এই সফরে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতির পর সরাসরি আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন। সেখানে তিনি আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন। এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) ব্যবস্থাপনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করবেন। বগুড়া থেকেই এই ডিজিটাল জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বিআরটি প্রকল্প নিয়ে তুঘলকি কাণ্ড

বর্তমানে প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় সেবাগ্রহীতাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। সংশ্লিষ্টদের মতে, সনাতন পদ্ধতিতে সময়ক্ষেপণের পাশাপাশি অনেক ক্ষেত্রে জামিন জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্য দেখা যায়। ‘ই-বেইল বন্ড’ চালু হলে এ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ডিজিটাল পদ্ধতিতে জামিননামা যাচাই ও কার্যকর হওয়ার ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে জামিন জালিয়াতি প্রতিরোধ এবং অসাধু চক্রের প্রভাব কমানো সম্ভব হবে।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, মাত্র ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়া সিটি করপোরেশন ঘোষণা এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের ঘোষণার অপেক্ষায় আছেন স্থানীয়রা।