পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৪:০৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল হওয়ায় মাঠপর্যায় থেকে ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজন এখন আর আগের মতো নেই। এ কারণে ধাপে ধাপে সেনাসদস্যদের প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

তবে কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে এ প্রত্যাহার কার্যকর হবে, তা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

পাথর উত্তোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাথর উত্তোলন এবং সংরক্ষণ কার্যক্রম তদারকিতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির নেতৃত্বে থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার।

কমিটি কোন এলাকা থেকে, কত গভীর পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে—সেসব বিষয়ে সুপারিশ করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সেটিও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।