৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন ৩টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি ১টি প্রকল্প অনুমোদিত হয়।
আরও পড়ুন: ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একনেক সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পায়। এগুলো হলো— “চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)” “গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)” প্রকল্প।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় “জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)” প্রকল্প অনুমোদন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের “হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)” প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের “সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন)” প্রকল্প অনুমোদিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় “সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪x এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ” প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের “চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত)” প্রকল্প অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ “পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)” প্রকল্পও অনুমোদিত হয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের “ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)” অনুমোদন করা হয়েছে।
৫০ কোটির নিচে আরও দুই প্রকল্প
সভায় পরিকল্পনা মন্ত্রী পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত দুটি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। প্রকল্প দুটি হলো—
১. ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প
২. বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।





