আজ বিক্রি হচ্ছে ঈদের শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার শেষ দিন ২৭ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ।
রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে বিক্রি করা হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।
আরও পড়ুন: বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ঈদ উপলক্ষে সব আসনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনযাত্রার টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে’
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রায় একবারেই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।





