দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের বর্তমান প্রাদুর্ভাবের জন্য দীর্ঘদিন নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ থাকা এবং টিকার ঘাটতিকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না।

রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পুরো অর্থনীতি মডেলে নতুন পদ্ধতি শুরু করেছি: অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত হাম প্রতিরোধী টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। তিনি জানান, “২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ টিকাদান হয়েছে। এরপর ২০২৬ সাল পর্যন্ত আমরা দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত হাম রোগের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি আমাদের হাতে একটি হাম টিকাও ছিল না।”

তিনি আরও বলেন, হাম নিয়ন্ত্রণে কার্যকর আইসোলেশন ব্যবস্থা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরদার মো. সাখাওয়াত হোসেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।