ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর, সমন্বিত এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীরা: মির্জা ফখরুল
সভায় রাজধানীর চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ঢাকাকে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।” তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন।
আরও পড়ুন: জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





