দুর্নীতিমুক্ত ভূমিসেবায় ডিজিটাল ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর
ভূমিসেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সরকার প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কাছে সহজ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
তিনি বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা নিশ্চিত করা হলে সাধারণ মানুষ দুর্নীতি ও অযথা হয়রানি থেকে মুক্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ যাতে ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি তারেক রহমান
এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে আধুনিক ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা গ্রহণ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল, সরকার সেই পরিস্থিতির পরিবর্তন চায়।
এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’
মেলার উদ্দেশ্যের মধ্যে রয়েছে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের উৎসাহিত করা, সরাসরি ভূমিসেবা প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা।
এ ছাড়া ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
ভূমিসেবা মেলা বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।





