রামিসা হত্যার প্রতিবাদে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ধীরগতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৭:৫৭ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ জনতা সড়কের একপাশে অবস্থান নেন।

আরও পড়ুন: চিনিকল চালু ও পণ্য বহুমুখীকরণের তাগিদ বিএসএফআইসি সেমিনারে

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয়রা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং এক পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করছে।

ওসি বলেন, বর্তমানে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে বিক্ষোভের কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা

জানা গেছে, গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গোপনের চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।