রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: তারেক রহমান
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: চিনিকল চালু ও পণ্য বহুমুখীকরণের তাগিদ বিএসএফআইসি সেমিনারে
প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
আরও পড়ুন: হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা
অনুষ্ঠানে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে আহ্বান জানান।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় চেতনা, জাতীয়তাবাদ ও মানবিক মূল্যবোধের প্রতীক। তার সাহিত্য ও দর্শন সমাজে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের মধ্যে শক্তি জোগায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন পর রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে সরকার গর্বিত। তিনি নজরুলের স্মৃতির সঙ্গে জড়িত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





