ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়, কমলাপুরে যাত্রীদের ভোগান্তি
কমলাপুর রেল স্টেশন এ ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। এদিন নীলসাগর ও রংপুর এক্সপ্রেসসহ অন্তত পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে সকাল থেকেই ট্রেন ধরতে স্টেশনে ভিড় করেন হাজারো মানুষ।
আরও পড়ুন: পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ
তবে ব্যস্ততার মধ্যেই উত্তরাঞ্চলগামী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে অনেকে ভোগান্তির অভিযোগ করেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন বিলম্বে যাত্রা শুরু করে। এছাড়া নির্ধারিত সময় পার হওয়ার পরও দুটি ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করতে পারেনি।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
রেল কর্তৃপক্ষ বলছে, ‘অপারেশনাল ডিলে’ এবং বিভিন্ন স্থানে রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনেক স্থানে ট্রেন ধীরগতিতে চলাচল করছে বলেও জানিয়েছে তারা।
ঈদকে সামনে রেখে আগামী কয়েকদিন যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।





