বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকার: জ্বালানিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে সাবেক শেখ হাসিনা সরকার। এই বিপুল দেনা নিয়েই বর্তমান সরকারকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পুরো অর্থনীতি মডেলে নতুন পদ্ধতি শুরু করেছি: অর্থমন্ত্রী

মন্ত্রী বলেন, “৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা নিয়মিত যোগাযোগ করছে। আদানিও বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছে। এসব দায় মেটাতে আমাদের কাজ করতে হচ্ছে।”

শিক্ষাখাত প্রসঙ্গে তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। এ কারণে সরকার জাতীয় বাজেট ও জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন: সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচি চালু করা হয়েছিল, যা ইতিবাচক ফল দিয়েছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।