তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৫ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তিন দেশ থেকে মোট ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সুইজারল্যান্ড থেকে ২ কার্গো, যুক্তরাজ্য থেকে ২ কার্গো এবং সিঙ্গাপুর থেকে ১ কার্গো এলএনজি কেনা হবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ২৬-২৭ জুনের জন্য ২৬তম কার্গো, ৩০ জুন-১ জুলাইয়ের জন্য ২৭তম কার্গো এবং ৬-৭ জুলাইয়ের জন্য ২৮তম কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: ইসি

এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ১ কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি কেনা হবে। এই তিন কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা (এআইটি-সহ)।

এ ছাড়া বৈঠকে সুইজারল্যান্ডের এসওসিএআর ট্রেডিং এসএ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে আরও ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তবে এ দুই কার্গোর ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, এসওসিএআর ট্রেডিং এসএ স্বল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ এবং এফএসআরইউ স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে সরকারের কাছে প্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ ডিসেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটির কাছ থেকে স্বল্পমেয়াদে এলএনজি আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পায়।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্পট মার্কেটের তুলনায় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জি-টু-জি ভিত্তিতে এলএনজি সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, জাপান-কোরিয়া মার্কেট (জেকেএম) ফর্মুলা অনুসারে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হবে (জেকেএম + ০.১২৫ মার্কিন ডলার)।

উল্লেখ্য, প্রতিটি কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকবে।