রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ, ডেথ রেফারেন্স এগিয়ে আনার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৮:১৩ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং মামলার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য বলা হবে। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে এ ঘটনাটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা

তিনি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের তদন্ত, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, আর তিরস্কারের সময় তিরস্কার করা হবে। পুলিশ বাহিনীর বর্তমান অর্জন প্রশংসার দাবি রাখে।”

এর আগে রোববার রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

মামলার রায়ের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দ্রুত বিচার ও রায় কার্যকরের বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।