এসএসএফকে আধুনিক প্রযুক্তিতে আরও এগিয়ে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-কে সাহস, দক্ষতা, কৌশল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সর্বদা এগিয়ে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ প্রতিষ্ঠার সময়কার পরিস্থিতি এবং বর্তমান বাস্তবতার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পাশাপাশি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে নতুন ধরনের ও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
তিনি আরও বলেন, প্রযুক্তির অবাধ বিস্তার যেমন উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ সদস্যদের আরও দক্ষ, পেশাদার এবং প্রযুক্তিনির্ভর হয়ে কাজ করতে হবে।
এসএসএফ-এর ৪০ বছরের গৌরবময় পথচলার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাহিনীটি ভবিষ্যতেও দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।





