আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টিও স্মরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।”

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তুলে ধরে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের।

মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।