চার-পাঁচবার বিরোধী দলে থাকলে সমালোচনা শিখে যাবেন: বাজেট নিয়ে শেখ রবিউল আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১:২৬ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে আরও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করার সক্ষমতা তৈরি হবে।

প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশেও ঘাটতি বাজেট রয়েছে। তাই বাজেটে ঘাটতি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

বিরোধী দলের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, ‘যারা বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তাদের জন্য বলতে চাই, প্রথমবার বিরোধী দলে এসেছেন। অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করছেন। এখনো সরকারি দলে আসেননি। আমার বিশ্বাস, আরও দুই-চার-পাঁচবার বিরোধী দলে থাকলে ধীরে ধীরে সমালোচনা করাটা শিখে যাবেন। তাই ওই সমালোচনাকে আমি খুব একটা আমলে নিচ্ছি না।’

তিনি বলেন, সংসদে বাজেট নিয়ে বড় ধরনের নেতিবাচক সমালোচনা হয়নি। তবে রাজস্ব আয় নিয়ে কিছু সদস্য শঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মন্ত্রী দাবি করেন, রাজস্ব আয়ে ঘাটতির আশঙ্কা নেই। কারণ, ই-চালান ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় আরও কার্যকর হবে, কর অব্যাহতি কমানো হবে এবং রাজস্ব ফাঁকি শনাক্তে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভ্যাট কাঠামোতেও নতুন বিন্যাস আনা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৯ শতাংশ। অথচ প্রতিবেশী নেপাল ও ভুটানে এই হার ১৩ থেকে ১৪ শতাংশ। বাংলাদেশকেও সেই পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

ব্যাংক ঋণের প্রসঙ্গ তুলে শেখ রবিউল আলম বলেন, সরকার ব্যাংকনির্ভর ঋণও কমিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমিয়ে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।