এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন: সংসদে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল পাস, এআই-তৈরি ক্ষতিকর কনটেন্ট অপসারণে কঠোর বিধান
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস, অনলাইন জুয়ায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।





