আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষা, সিসিটিভিতে নজরদারি হবে সব কেন্দ্র

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৪৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে রাজধানী ঢাকা থেকে দেশের সব পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিসিটিভি মনিটরিং সেলের মাধ্যমে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যে কোনো কেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: পূর্বাচলকে ঢাকার আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

তিনি আরও জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এতে পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনিয়মের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। এবার মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনে সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

সংবাদ সম্মেলনের শুরুতে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারের পলায়ন

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

এবার পরীক্ষার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিনির্ভর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতার মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।