জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেগুলো চালু করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘মাঠে এর প্রতিফলন থাকা চাই’—ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
তিনি বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে মেডিকেল শিক্ষার কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।
এ সময় আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সফরের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।





